বাংলাদেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই নারী ক্রিকেটারের মধ্যে একজন ছিলেন নিগার সুলতানা জ্যোতি। দীর্ঘ ১৪ দিন আইসোলেশনে থেকে করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। অবশেষে সেই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এমনটা জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক নিগার নিজেই।
জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবরটি দিয়েছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তাদের কোয়ারেন্টিনে থাকার কথাটিও জানিয়েছিলেন তিনি।
অবশেষে আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে নিগার সুলতানা লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। নেগেটিভ হয়েছি। ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে।'
করোনা পরিস্থিতির কারণে মাঝপথেই স্থগিত হয়েছে আইসিসি নারী বিশ্বকাপের বাছাইপর্ব। সেখানে অংশ নিয়ে গত ১ ডিসেম্বর দেশে ফেরে টাইগ্রেসরা। এরপর তাদের বাধ্যতামূলক পাঁচদিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়।
এরই মধ্যে করোনার নতুন ধরন অমিক্রন প্রায় ৬০টি দেশে শনাক্ত হয়েছে। ব্যাপকভাবে জিনগত রূপ পরিবর্তনে সক্ষম এই ধরনের বিস্তার ঠেকাতে বিশ্বব্যাপী নতুন করে বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে অমিক্রনের প্রকোপে দক্ষিণ আফ্রিকায় মোট আক্রান্ত ৩০ লাখ ছাড়িয়েছে।